অস্ট্রেলিয়ায় যাচ্ছে হেলেন কেলার

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:১৫ এএম

নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অস্ট্রেলিয়ার স্বনামখ্যাত নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে আগামী ৬ জুন সন্ধ্যা ৬টায় সেখানকার চ্যান্ডলার মিলনায়তনে প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ওই দিন ‘হেলেন কেলার’ প্রদর্শনীর পূর্বে অনুষ্ঠানের প্রথম পর্বে বিকাল ৫টা থেকে শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া ২০২৬’ (ওএএম) অর্জন করায় রেনেসাঁর নাট্যজন কামরুজ্জমান বালার্ককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। প্রদর্শনীর জন্য জাহিদ রিপন ও জুয়েনা শবনম ২৯ মে মেলবোর্নে গেছেন। মঞ্চায়ন ছাড়াও এ সফরে রেনেসাঁর আয়োজনে জাহিদ রিপন মেলবোর্নের নাট্যকর্মীদের জন্য ‘বাঙলা নাট্যরীতি’ বিষয়ক কর্মশালা পরিচালনা করছেন।

স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনাটি এর আগে দেশের বাইরে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে এরই মধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে।

এর আগে রেনেসাঁর প্রযোজনায় জাহিদ রিপনের নির্দেশনায় বিশাল অয়োজনে মেলবোর্নে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ধ্রুপদী ‘অচলায়তন’ দর্শকনন্দিত হয়। পাশাপাশি ‘অচলালয়তন’ নির্মাণ-অভিযাত্রা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিয়ন্ড বাউন্ডারিজ’ (তৃতীয় ভুবন) বেশ ক’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং মেলবোর্নের সিনেপ্লেক্স ‘শোবিজ সিনেমাস’-এ বেশ কিছুদিন প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম টিভি চ্যানেল ‘এসবিএস’-এ সম্প্রচারের জন্য সংরক্ষিত হয়েছে এবং সমগ্র অস্ট্রেলিয়া থেকে সর্বক্ষণ অন-ডিমান্ডে বিনামূল্যে দেখা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত