এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:৫২ এএম

হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের পর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তার মৃত্যু হয়। নিহত নদী দাস (১৬) আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকার অজিত দাসের মেয়ে। সে রতœা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নদীর সঙ্গে সুনারু গ্রামের আইনজীবী সহকারী জীবন দাসের প্রেম ছিল। গত শনিবার তারা হবিগঞ্জ ইসকন মন্দিরে বিয়ের জন্য আসে। নদীর বিয়ের বয়স না হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরদিন রবিবার আবারও তারা হবিগঞ্জ শহরে আসে। এদিন সন্ধ্যায় শহরের উমেদনগর এলাকায় রাস্তার পাশে আহত অবস্থায় নদীকে পাওয়া যায়। খবর পেয়ে তার স্বজনরা মশাকলি গ্রামে নিয়ে যান। এর পর তাকে সংকটাপন্ন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার নাক-মুখ রক্তাক্ত ছিল। গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়।

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের তথ্য পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নদীর দাদু নারায়ণ দাস জানান, গত রবিবার সকালে পরিবারের অগোচরে নদীকে বাড়ি থেকে নিয়ে যায় জীবন দাস। এদিন  রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত