উত্থান দিয়ে শুরু হলো শেয়ারবাজার

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

ঈদুল আজহার ছুটি শেষে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারের লেনদেন কার্যক্রম উত্থানের মধ্যদিয়ে শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১২ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় (২৪ মে ছুটির আগের দিন) ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭২ পয়েন্টে অবস্থান করছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচকের ইতিবাচক চিত্র দেখা গেছে। সার্বিকভাবে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই দেশের দুই বাজারেই ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশা তৈরি করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি ও আসন্ন বাজেট ঘিরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ আগ্রহ বাড়ছে, যা লেনদেনে প্রভাব ফেলছে। তবে, সরকারের গঠনের তিন মাস পার হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের রদবদল না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার শেয়ারবাজারকে গুরুত্ব দিচ্ছে। অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে তা ফুটে উঠছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যেও শেয়ারবাজার নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তবে সরকারের মনোভাব বুঝতে আগামী বাজেটে অর্থমন্ত্রী শেয়ারবাজারের জন্য ঘোষণা দিচ্ছেন, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচক (শরিয়া সূচক) ডিএসইএস ৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানির সূচক ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৭১ লাখ টাকা। বাজারটিতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৯টি কোম্পানির, বিপরীতে ১৫২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২১ কোটি ৮০ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭০ দশমিক ৭৬ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসেও সূচকটি ৭০ দশমিক ৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত