ভারত থেকে তথাকথিত ‘অবৈধ অভিবাসীদের’ জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা বন্ধ করার জন্য দেশটিকে সরকার কূটনৈতিক পত্র দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত চারবার পুশইনের চেষ্টা করা হয়েছে। প্রতিবারই সীমান্তরক্ষী বিজিবি প্রতিহত করেছে।
শামা ওবায়েদ বলেন, সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। যতবারই পুশইনের চেষ্টা করা হবে, ততবারই তা প্রতিহত করা হবে।
বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠক : পুশইনের অব্যাহত চেষ্টার মধ্যেই দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বৈঠকে বসছে। আগামী ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ বৈঠকে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিজিবি সূত্রের তথ্যানুযায়ী, সীমান্ত হত্যা, পুশইন ও মাদক পাচার বন্ধ করাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।