মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ

আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৪৮ এএম

এবার মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। ১৬ বছরের কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে দেশটির সরকার।

এর আগে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।

মালয়েশিয়া সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্ষতিকর কন্টেন্টে ভরে গেছে সামাজিক মাধ্যম। রয়েছে যৌনতা থেকে অপরাধের ফাঁদ। এসবের ক্ষতিকর প্রভাব থেকে কিশোর-কিশোরীদের রক্ষা করতে, তাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের বয়স যাচাই করাও বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সংস্থাকে ১০ মিলিয়ন রিঙ্গিত (প্রায় ৩১ কোটি টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তবে সরকার স্পষ্ট করেছে যে, বর্তমানে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরী, যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে, তাদের ওপর এই বিধিনিষেধ এক মাস পর থেকে কার্যকর হবে। যাতে এই এক মাসে তারা পোস্ট করা তাদের বিভিন্ন ছবি এবং ভিডিও অন্যত্র সরিয়ে নিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত