সিলেটে জামায়াত আমির

ফাহিমার বিচারেও প্রধানমন্ত্রীর ঘোষণা চাই

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ এএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন ‘সিলেটের ছোট্ট শিশু ফাহিমার প্রতি নৃশংস হত্যাকা-ের ২৮ দিনেও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি, চার্জশিট দাখিলও হয়নি। দেশব্যাপী আলোচিত এই ঘটনার বিচার দীর্ঘসূত্রতার দিকে গেলে আমরা ধরে নেব বিচার হবে না।’ প্রধানমন্ত্রী যেভাবে রামিসার কথা বলেছেন ‘আগামী ১৫ দিনের মধ্যে বিচার হবে’। আমরা ফাহিমার বিচারেও এমন ঘোষণা ও তার বাস্তবায়ন চাই। দ্রুততম সময়ের মধ্যে ফাহিমা হত্যা মামলার চার্জশিট প্রদানের জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এই ধরনের ঘটনার বিচার নিশ্চিতে আমরা নিম্ন ও উচ্চ আদালতে তাদের পাশে থাকব।

দেশ ভালো নেই উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এত মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে হাঁটছে। তবে ওই স্রোত যত ভয়াবহ হোক, আমরা সেই স্রোতের বিপরীতে লড়াই করে যাব। গতকাল মঙ্গলবার সিলেট সদর উপজেলার সোনাতলায় পাশবিক নির্যাতন ও হত্যার শিকার ৪ বছরের শিশু ফাহিমার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সমাজের দুশ্চরিত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাদের দৌরাত্ম্য বেড়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অপরাধীদের খুঁজে বের করা ও আইনমন্ত্রীর দায়িত্ব বিচার নিশ্চিত করা। ফাহিমার সাথে অপকর্ম জাকির একা করেনি, তার পরিবারের লোকজনও জড়িত বলে সবাই বলেছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তেলের দাম বৃদ্ধির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, গত মাসে ৮ থেকে ১২ শতাংশ দাম বাড়ানো হয়। এই মাসে আরও প্রায় ৫ টাকা করে বাড়ানো হয়েছে। এটি আসলেই জনগণের ওপর একটা জুলুম। মূল্যবৃদ্ধি করতেই হতো, তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। হামে শিশুমৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, হামে শিশুমৃত্যুর দায় সবার। এই সরকার তো হঠাৎ করে ঘুম থেকে উঠে নাই। আরও আগে থেকেই তো হামের প্রাদুর্ভাব। তারা কেন আগে থেকেই ব্যবস্থা নিল না। কেন আগে থেকে টিকার ব্যবস্থা করল না...?

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমির নাজির উদ্দিন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা ও সেক্রেটারি আল ইমরান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত