হরমুজ প্রণালি চালু হলেও ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় চালু করা হলেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, ইরানকে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সবার আগে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ আপডেটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে ওয়াশিংটন ডিসিতে বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা চলছে। এই বৈঠকে লেবাননের প্রতিনিধিরা তাদের দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলা ও অবৈধ দখলদারিত্ব চিরতরে বন্ধ করার বিষয়ে একটি স্থায়ী সমাধানের আশা করছেন। তবে আলোচনার টেবিলের বাইরে মাঠপর্যায়ের পরিস্থিতি এখনও বেশ থমথমে।

নতুন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং বেশ কিছু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শান্তি আলোচনা চললেও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান যেকোনো মূল্যে অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী এই হামলার পরিধি আরও বাড়াতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইসরায়েলের এমন আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিকে জানিয়েছেন, লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তেহরান শুধু যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের আলোচনার পথই বন্ধ করবে না, বরং শত্রুপক্ষের সাথে সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটতেও দ্বিধা করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত