অসময়ের বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকার মাঠে কাঁচা আমন ধান নুয়ে পড়েছে। এতে করে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বড় ধরনের লোকসানের শঙ্কায় রয়েছেন আট উপজেলার কৃষকেরা।
রবিবার (২২ নভেম্বর) সরেজমিন দুমকি উপজেলার পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া, শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অধিকাংশ জমির কাঁচা আমন ধান হেলে পড়ে পানি ও কাদায় মিশে গেছে। একই পরিস্থিতির খবর পাওয়া গেছে কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী, বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ ও পটুয়াখালী সদর উপজেলায়ও। ধানের শীষ পুরোপুরি পুষ্ট হওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।
দুমকির জলিশা গ্রামের সৈয়দ জিয়াউল হাসান, রাজাখালী গ্রামের আবুল কালাম খান, লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের আবু হানিফ ও পাঙ্গাশিয়ার চান শরীফসহ কয়েকজন কৃষক জানান, চলতি বছর ধানের গাছের অবস্থা বেশ ভালো ছিল। বাম্পার ফলনের প্রত্যাশাও করেছিলেন তাঁরা। কিন্তু অসময়ের বৃষ্টিতে কাঁচা ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় এখন সেই আশা অনিশ্চিত হয়ে পড়েছে।
তাদের আশঙ্কা, ধানের শীষের দানা ঠিকমতো পুষ্ট হবে না। পাশাপাশি চিটা ও পচন ধরতে পারে। এ ছাড়া মাটিতে পড়ে যাওয়া ধান কাটতে অতিরিক্ত শ্রমিক ও সময়ের প্রয়োজন হবে। এতে উৎপাদন খরচও বেড়ে যাবে।
কৃষকেরা আরও জানান, তাদের অনেকেই ধারদেনা ও কৃষিঋণ নিয়ে আমন চাষ করেছেন। বৃষ্টিতে ধান নুয়ে পড়ায় একদিকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।
দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ধানের ক্ষতি কমাতে কৃষি বিভাগের মাঠপর্যায়ের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।