কারাগারে থাকার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গান শোনাতেন সংগীতশিল্পী ও মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগম। জামিনে কারামুক্তির পর নিজ বাড়িতে পৌঁছে জেলজীবনের নানা কথার প্রসঙ্গে এ কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আইভীর সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্কুল জীবনের বন্ধুরা। তাঁদের সঙ্গে গল্পের সময় সেলিনা হায়াত আইভী জানান, জেলে প্রায়ই তাঁকে গান শোনাতেন মমতাজ। প্রায়ই অবসর সময়ে জেলে গানের আসর বসত। সেখানে মূল শিল্পী মমতাজ। তবে একটি গানে ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’ এমন লাইন থাকায় আইভী তাঁকে এই গান গাইতে নিষেধ করেন।
তিনি মমতাজকে বলেন, তিনি যেদিন জেল থেকে বের হবেন সেদিন এই গান গাইলে কোনো অসুবিধা নেই। কারণ তিনি সেদিন বাসায় গিয়ে তার দুঃখ ভাগাভাগি করতে পারবেন। কারণ এই গান শুনলে তার সদ্য প্রয়াত ভাই আহমদ আলী রেজা রিপনের কথা মনে পড়ে যায়।
ঘটনাচক্রে তাঁর মুক্তি পাওয়ার দিন বিকেলে গানের আড্ডায় মমতাজ এই গান গেয়েছেন। তখনও আইভী জানতেন না তিনি মুক্তি পেতে যাচ্ছেন। ২০২৫ সালের ৭ এপ্রিল ৫৫ বছর বয়সে তাঁর ভাই হার্ট অ্যাটাকে মারা যান। প্রায় ১ মাস পর ২০২৫ সালের ৯ মে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে। রিপনের স্ত্রী এর চার বছর আগে মারা যায়। তাদের ৩ সন্তান আইভীর কাছেই থাকেন।
জেলে আইভী একটি কবিতা লেখেন। এটিতে সুর দিয়ে গান তৈরি করেন মমতাজ। মুক্তি পেলে মমতাজ এই গান জনসমক্ষে গাইবেন বলে জানান। কি সেই কবিতা? জিজ্ঞেস করতেই আইভী বললেন, ‘ধুর, আমি কি কবিতা লিখতে পারি? খুবই বাজে হইছে। উনি গুণি শিল্পী তাই এটাকে গান বানিয়েছেন। কবিতা ওনার কাছেই রয়ে গেছে। কপি করে আনিনি।’
জামিনে মুক্তি পেয়ে বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে পৌঁছেন সেলিনা হায়াৎ আইভী।
