ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও মানবপাচারকারী চক্রের সহায়তায় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় ওই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।
বিজিবি জানায়, পুশইন প্রতিরোধে সীমান্তের বিভিন্ন বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য এলাকাগুলোতে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে সভা-সমাবেশ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশি দালালদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।
