অ্যানিমেশনপ্রেমীদের এক দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে জনপ্রিয় প্রাগৈতিহাসিক ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। ডিজনি আনুষ্ঠানিকভাবে এর ষষ্ঠ পর্ব ‘আইস এজ : বয়েলিং পয়েন্ট’ নির্মাণের ঘোষণা দিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০১৬ সালে ‘আইস এজ : কোলিশন কোর্স’ মুক্তির পর দীর্ঘদিন এই দলের কোনো সিনেমা আসেনি।
নতুন সিক্যুয়েলে ম্যানি, সিড ও ডিয়েগোর চেনা বরফাবৃত পরিবেশের বদলে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপট। এবার তারা পা রাখবে ফুটন্ত লাভা আর আগ্নেয়গিরির উত্তাপে ভরা এক নতুন জগতে। ভক্তদের জন্য সুখবর হলো, মূল চরিত্রগুলোর কণ্ঠশিল্পী রে রোমানো (ম্যানি), জন লেগুইজামো (সিড), ডেনিস লিয়ারি (ডিয়েগো), সাইমন পেগ (বাক) ও কুইন লাতিফা (এলি) সবাই একসঙ্গে ফিরছেন।
‘টয় স্টোরি’, ‘শ্রেক’ এবং এখন ‘আইস এজ’-এর মতো কালজয়ী ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রত্যাবর্তনকে অ্যানিমেশনের স্বর্ণযুগের পুনরুজ্জীবন হিসেবে দেখছেন দর্শকরা।
