রাজধানীর দয়াগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে লুডু খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মান্নান বরগুনা সদরের আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে গেন্ডারিয়ার নামাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
হাসপাতালে নিহতের বোন চায়না বেগম জানান, দয়াগঞ্জ মোড়ে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন মান্নান। রবিবার দুপুরের দিকে মোবাইল অ্যাপে রাজন, দেলু, মহসিন ও ভাই মান্নান লুডু খেলছিল। খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে রাজন তার (মান্নান) বাম পায়ের উরুর ওপর রড ঢুকিয়ে দেয়। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ভাই আর বেঁচে নেই।
ডিএমপির গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ হোসেন বলেন, লুডু খেলাকে কেন্দ্র করে এক যুবকে খুন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। সোমবার (আজ) ময়নাতদন্ত শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় এখনও মামলা হয়নি।
