নারী ও শিশু নির্যাতন

মামলা শুনতে হাইকোর্টে  হচ্ছে সুনির্দিষ্ট বেঞ্চ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (ডেথ রেফারেন্স বা মৃত্যুদ- অনুমোদন ও আপিল) শুনতে সুনির্দিষ্ট বেঞ্চ গঠনের কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী রবিবার থেকে এই বেঞ্চের কার্যক্রম কার্যকর হবে। গতকাল রবিবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় অধস্তন আদালতে দুই আসামির মৃত্যুদ-াদেশের রায়ের প্রতিক্রিয়ায় নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘দুজনের মৃত্যুদ- ঘোষণার রায়টি কিন্তু চূড়ান্ত নয়, যতক্ষণ না পর্যন্ত রায়টি সুপ্রিম কোর্টের হাইকোর্ট থেকে অনুমোদিত হয়। যতক্ষণ না সেই শাস্তি কার্যকর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের শঙ্কা থেকেই যাচ্ছে।’ অ্যাটর্নি জেনারেল জানান, মানুষের যে উদ্বেগ (উচ্চ আদালতে আপিল শুনানিতে বিলম্ব) বিষয় উন্মুক্ত আদালতে গতকাল প্রধান বিচারপতির দৃষ্টিতে আনেন তিনি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘প্রধান বিচারপতিকে এটাও বলেছি যে, দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্যে, সুবিচার প্রতিষ্ঠার জন্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করছে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের কাছে প্রতিভাত হয় না।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছি যে, মানুষের যে উদ্বেগ ও উৎকণ্ঠা, অত্যন্ত যৌক্তিক। এটা নিরসনের জন্য প্রধান বিচারপতির উদ্যোগী ও কার্যকর ভূমিকা রাখা উচিত।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতি এই বিচারের বিষয়টি উল্লেখ করেছেন যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ পল্লবীর শিশুসহ এই সব মামলা শুনানির জন্যে হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত