রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। গতকাল রবিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক নাহিদ হাসান এ তথ্য জানান। আরিফ আহমেদ মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর সব সদস্য, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা এক মতবিনিময় সভায় অংশ নেন।
আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ডিএসসিঅ্যান্ডএসসি মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন।
