সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা করে ‘সুশাসন ও নিরাপত্তা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল রবিবার রাজধানীর ধানম-ির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির জ্যেষ্ঠ গবেষক জুলকারনাইন। টিআইবির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, নতুন সরকারের বিভিন্ন উদ্যোগে সম্ভাবনা ও আশার সঞ্চার হলেও সুশাসন ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে এখনো উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টিআইবি জানায়, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ১৯৬টি অপহরণ, ২৯৪টি ছিনতাই এবং ৯০টি ডাকাতির ঘটনা রেকর্ড হয়েছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়লেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করা হয়।

সংবাদ সম্মেলনে মব সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, গণপিটুনি ও মব সহিংসতা রোধে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন দেখা যায়নি। বিভিন্ন স্থানে মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও অব্যাহত রয়েছে।

প্রশাসনিক ক্ষেত্রে দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, সরকারের শীর্ষপর্যায় থেকে দুর্নীতিবিরোধী অবস্থানের ঘোষণা সত্ত্বেও ‘এবার আমাদের পালা’ সংস্কৃতির চর্চার অভিযোগ রয়েছে। পুলিশ, প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ এবং পদায়নের অভিযোগ রয়েছে, যা সরকারের নিজস্ব নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

শিক্ষা খাতের সংস্কারের ক্ষেত্রে ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক রদবদলের বিষয়টি তুলে ধরে বলা হয়, যোগ্যতার চেয়ে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। তবে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠন, বিদ্যালয়ে পুনঃভর্তি ফি বাতিল এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, অর্থনৈতিক অস্থিতিশীলতা, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা ও আইনশৃঙ্খলা সংকটের মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা পরিহার, রাষ্ট্রীয় প্রটোকল সীমিতকরণ এবং মন্ত্রীদের কর্মদক্ষতা মূল্যায়নের ঘোষণা সরকারের সদিচ্ছার প্রতিফলন। তবে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রকৃত অঙ্গীকার ধরে রাখতে হলে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরের ঝুঁকিগুলো দ্রুত কাটাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত