বিএসইসির নতুন কমিশনের সঙ্গে ডিএসইর বৈঠক

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান ও তিন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতারা। গতকাল রবিবার সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে শেয়ারবাজারে সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালা, মার্জিন ঋণ বিধিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধন বিষয়ের পাশাপাশি পুঁজিবাজারের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ বিএসইসির নবনিযুক্ত কমিশনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ডিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশীষ বড়–য়া, এফসিএ, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া, মো. সাজেদুল ইসলাম এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তারা।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, পুঁজিবাজারের কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন নিশ্চিত করা এবং আইপিও প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। বাজারের সব অংশীজনের সহযোগিতায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা হবে।

মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে কমিশন একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। কমিশনের মূল লক্ষ্য হবে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত