দেশের আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় রিহ্যাব নেতারা ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার পাশাপাশি দীর্ঘমেয়াদি গৃহঋণ চালুর দাবি জানান।
বৈঠকে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।
রিহ্যাব সভাপতি বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে গৃহঋণ চালু হলে মধ্যবিত্তের আবাসনের সুযোগ বাড়বে।
জবাবে গভর্নর বলেন, কর্মসংস্থান ও অর্থনীতিতে আবাসন খাতের অবদান গুরুত্বপূর্ণ। হাউজিং ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় এর সুদের হার অনেক ক্ষেত্রে অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ কম। তিনি জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন সম্প্রসারণে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বৈঠকে আবাসন খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজলভ্য করতে একসঙ্গে কাজ করার কথা জানান উভয় পক্ষ।
