ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বরাত দিয়ে গতকাল সোমবার গণমাধ্যমে ‘১০০ দিনে দেশে ৬০৫ খুন’ শিরোনামে সংবাদের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যাখ্যায় বলা হয়, পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৬০৫টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। তবে ৯টি ক্যাটাগরিতে এসব মামলা হয়েছে।
গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, পূর্বশত্রুতার জেরে ৩৩৬টি, পারিবারিক কলহ ১৪৬টি, সম্পত্তি ও অর্থনৈতিক ৬৯টি, আকস্মিক আঘাতে ১৯টি, আধিপত্য বিস্তারে ৯টি, প্রেম-পরকীয়া ৫টি, ছিনতাইকারী কর্তৃক খুন ৬টি, দাঙ্গা, দস্যুতা, অপহরণ, অন্যান্য ঘটনায় ১৫ এবং রাজনৈতিক খুন হয়েছে তিনটি। এর মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে পূর্বশত্রুতার জেরে ৫৫ দশমিক ৫ শতাংশ। তারপর পারিবারিক কলহে ২৪ দশমিক ১ শতাংশ। এ ছাড়া রাজনৈতিক হামলায় খুন শূন্য দশমিক ৫ শতাংশ।
সদর দপ্তরের দাবি, পুলিশের দীর্ঘমেয়াদি পরিসংখ্যান অনুযায়ী গত এক দশকে বার্ষিক খুনের মামলার সংখ্যা তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে ওঠানামা করে। গত দুই মাসে ৬০৫টি খুনের ঘটনাকে আনুপাতিক হারে বছরে সংঘটিত মোট খুনের সংখ্যায় রূপান্তর করলে তা হবে প্রায় ৩ হাজার ৬৩০টি। যা দেশে গত এক দশকে সংঘটিত খুনের ধারাবাহিক সংখ্যার গড়ের মধ্যেই রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ মামলা সক্রিয়ভাবে নথিভুক্ত করছে এটি প্রকৃতপক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতার নির্দেশক, দুর্বলতার নয়। পূর্ণ শ্রেণিবিভাগ, ঐতিহাসিক তুলনা এবং জনসংখ্যাভিত্তিক হার উপস্থাপন করে জনগণকে সঠিক চিত্র তুলে ধরবে শুধু সংখ্যার বিচারে নয়।