মাদক মামলার আসামিকে জুতার মালা, পুলিশে সোপর্দ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০৪ এএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মাদক-সংক্রান্ত ১১ মামলার আসামি আলাউদ্দিনকে (৩৪) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন ওই গ্রামের মৃত অলি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মাদক-সংক্রান্ত ১১টি মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এতে ঢালুয়া এলাকায় মাদকের বিস্তার বেড়েছে বলে স্থানীয়দের দাবি।

নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত