ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশকে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা দিয়েছে আদালত। গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাজাপ্রাপ্তরা হলেন আফিয়া কনক, শামসুজ্জামান ও রাজু আহম্মেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বিকাল ৫টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট থেকে দুটি গাড়ি মূল সড়কে ওঠার চেষ্টা করে। সেই সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যান চলাচলের সংকেত চালু ছিল। দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে নির্দেশ দেন। অভিযোগ অনুযায়ী, একটি গাড়ি ট্রাফিক সংকেত অমান্য করে জোর করে সামনে এগোতে থাকে। এ সময় গাড়ি থেকে ৪-৫ জন নেমে এসে জানান, গাড়িতে ভিআইপি রয়েছেন, তাই গাড়ি পেছানো যাবে না। একপর্যায়ে কনস্টেবল শামীম আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে মারা হয়। ঘটনার পর অভিযুক্তদের আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে ঘটনার মূল অভিযুক্ত আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির শাস্তি দেওয়া হয়।