ড. ইউনূসের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০২ এএম

হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি পরে আদেশের জন্য রেখে দুপুরে তা খারিজ করে দেয়। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছিল তারা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার সাবেক স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।

আদালতে বাদীপক্ষে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা) সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান। মামলার বাদী মজিবুর রহমান ইকবাল বলেন, বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে শিশুরা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং প্রায় এক বছর ধরে বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন রয়েছে। আমার নির্বাচনী এলাকায়ও অনেক শিশু মারা গেছে। এই দায় সাবেক অন্তর্বর্তী সরকারের। এই পরিস্থিতিতে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বিগত সরকারের প্রধান, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য খাতের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছি।

সাবেক অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় টিকা সময়মতো আমদানি করেনি উল্লেখ করে মজিবুর রহমান ইকবাল বলেন, ইউনিসেফের প্রতিনিধি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছিলেন এবং চিঠি দিয়েছিলেন, যাতে আগের মতো ইউনিসেফের মাধ্যমে হামের টিকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টিকা সংগ্রহ করা হয়। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে তৎকালীন সরকার চুক্তি বাতিল করে টেন্ডারের মাধ্যমে টিকা আনার সিদ্ধান্ত নেয়।

দেশে ফিরেছেন ড. ইউনূস : নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফ্রান্স ও নেদারল্যান্ডসে ৯ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। গত শুক্রবার তিনি দেশে ফিরেন। এরপর গত রবিবার মিরপুরে নিজ কার্যালয়ে অফিস করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ২৭ মে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন ড. ইউনূস। প্যারিস থেকে আমস্টারডাম পৌঁছান গত ৩১ মে। সফরে তিনি  সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা নিয়ে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত