প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ বিষয়

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০৪ এএম

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে লিখিত পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৪ জুন পর্যন্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামী শিক্ষাবর্ষে (২০২৭) প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুটি এবং ষষ্ঠ শ্রেণি থেকে আরও দুটি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

আগামী শিক্ষাবর্ষের (২০২৭) পাঠ্যবইয়েও ইতিহাস ও দক্ষতাভিত্তিক বিষয়গুলোতে পরিবর্তন আনা হবে। মাধ্যমিক স্তরে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে নতুন কিছু বিষয় সংযোজনের পাশাপাশি কয়েকটি বইয়ে ব্যাপক পরিমার্জনও করা হচ্ছে বলে জানানো হয়েছে।  ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিভিন্ন শ্রেণির বই পরিমার্জনও করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত