যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৬ ফুটবল বিশ্বকাপে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। আবহাওয়া ও উচ্চ তাপমাত্রা নিয়ে যখন অনেক দলই চিন্তিত, তখন এই আলোচনাকে স্রেফ 'অতিরঞ্জিত' বলে উড়িয়ে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। টমাস টুখেলের অধীনে থাকা থ্রি লায়ন্স অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, দলের প্রস্তুতি এতটাই দুর্দান্ত যে আবহাওয়া মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় ইংল্যান্ড। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপমাত্রার মধ্যে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে জয়সূচক একমাত্র গোলটি হেড থেকে করেন হ্যারি কেইন। এটি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে চলতি মরসুমে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের রেকর্ড ৬৭তম গোল!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেইন বলেন, 'সত্যি বলতে, আমার মনে হয় না গরম খুব বেশি সমস্যা তৈরি করছে। আমরা অনুশীলনে এর সাথে মানিয়ে নিচ্ছি। প্রথম দু-তিন দিনের মধ্যেই ছেলেরা এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে। মাঠের ভেতর আজকের পরিস্থিতি মোটেও ভয়াবহ ছিল না। এই গরমের বিষয়টা নিয়ে একটু বেশিই আলোচনা করা হচ্ছে।'
আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। তার আগে গরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে গত সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাম্প করছে তারা। গত বছর ক্লাব বিশ্বকাপ খেলার সুবাদে যুক্তরাষ্ট্রের আবহাওয়া সম্পর্কে কেইনের আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে।
তিনি যোগ করেন, 'আমরা সবাই পেশাদার অ্যাথলেট। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা—সবাই এই টুর্নামেন্টের জন্য সঠিক প্রস্তুতি নিচ্ছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও দিন দশেকের মতো সময় আছে। এই পরিবেশে নিয়মিত অনুশীলন করলে বিশ্বকাপের মূল ম্যাচে গরম কোনো ফ্যাক্টরই হবে না।'
ম্যাচের পর মাঠের পিচ কিছুটা আঠালো ছিল বলে স্বীকার করলেও, ফিটনেস ও কন্ডিশন বোঝার জন্য এই ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কেইন। ক্যারিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপ নিয়ে নিজের রোমাঞ্চ লুকাতে পারেননি ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার,
কেইন বলেন, "ইংল্যান্ডের হয়ে খেলা এবং আর্মব্যান্ড পরে দলকে নেতৃত্ব দেওয়া আমার সবচেয়ে প্রিয় কাজ। অত্যন্ত গর্বের সাথে আমি এই দায়িত্ব পালন করি। আরেকটি বিশ্বকাপে এই দলটাকে নেতৃত্ব দেওয়া সত্যিই স্পেশাল অনুভূতি। আমরা উচ্চ প্রত্যাশা নিয়েই মাঠে নামবো। আমি আমার ক্যারিয়ারের সেরা শারীরিক ও মানসিক অবস্থায় আছি। আর তর সইছে না, দ্রুতই মূল পর্ব শুরু হোক।"
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ওরাল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপরই বিশ্বমঞ্চে কেইনের দল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার, যারা ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করেছিল। ৮ বছর পর আবারও সেই ক্রোয়েটদের হারিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন রাঙাতে চান হ্যারি কেইন।
নেইমার ভক্তদের জন্য সুখবর দিল ব্রাজিল!