শুরু থেকেই আলোচনার জন্ম দেওয়া এরশাদ হাসানের একক নাটক ‘ভাসানে উজান’ আজ সন্ধ্যা সোয়া ৭টায় মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। বিবেকানন্দ থিয়েটারের ২৫তম এই প্রযোজনাটি দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত। ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বই উঠে এসেছে নাটকটিতে। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কু-ু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটিতে একক অভিনয় করেছেন মো. এরশাদ হাসান।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রী সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।