মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে আগামী ১১ জুন পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে এবার মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সংগীত তারকা বার্না বয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও সনি মিউজিকের যৌথ ঘোষণা অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মাঠে নামার ৯০ মিনিট আগে মেক্সিকোর মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ লাইভ পরিবেশন করবেন এই দুই বৈশ্বিক আইকন।
এবারের জমকালো আয়োজনে শুধু শাকিরা বা বার্না বয়-ই নন, বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের অংশ হিসেবে পারফর্ম করবেন জে বলভিন, আলেহান্দ্রো ফার্নান্দেজ, মানা, বেলিন্ডা, ড্যানি ওশেন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং টাইলার মতো বিশ্বখ্যাত একঝাঁক তারকা।
ফিফা জানিয়েছে, ‘দাই দাই’ গানটি ফুটবল উন্মাদনার পাশাপাশি বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করবে।
এটি হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে শাকিরার চতুর্থ উপস্থিতি। শুধু তাই নয়, ১৯ জুলাই ‘হাফ-টাইম শো’-তেও পপ রানি ম্যাডোনা ও কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর সঙ্গে সহ-প্রধান পারফর্মার হিসেবে মঞ্চে থাকবেন শাকিরা।