৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:২৩ এএম

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ¦ালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ৫০ বিলিয়ন জাপানি ইয়েন ঋণ পাবে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো ঋণচুক্তিতে সই করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে নোট বিনিময় চুক্তিও সই হয়।

‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক এ ঋণ কর্মসূচির আওতায় জাইকা বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায়  প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা।

জাইকা জানিয়েছে, এ সহায়তা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে। এই কর্মসূচির অংশ হিসেবে স্থিতিশীল বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ¦ালানি উৎসের বহুমুখীকরণ ও জ¦ালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নীতিগত পদক্ষেপে সহায়তা দেওয়া হবে।

এর মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর টেকসই পরিচালনা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নত পরিকল্পনা এবং জ¦ালানি সাশ্রয় কার্যক্রম জোরদার করে স্থিতিশীল বিদ্যুৎ ও জ¦ালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসংক্রান্ত সংস্কার কার্যক্রমেও সহায়তা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত