প্রথম মিশনেই জর্ডানের প্রতিপক্ষ আর্জেন্টিনা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:২৭ এএম

১১ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এবারের আসরে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে জর্ডানের। ৯বার ব্যর্থ হওয়ার পর, দশম চেষ্টায় অবশেষে বিশ্বকাপের টিকিট কেটেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তবে নিজেদের প্রথম বিশ্বকাপেই এক কঠিন গ্রুপে পড়েছে তারা। ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং আলজেরিয়া।

এশিয়ান কোয়ালিফায়ার্সের দ্বিতীয় পর্বে দুর্দান্ত খেলে গ্রুপ সেরা হয়েছিল জর্ডান। ৪ জয়, ১ ড্র ও ১ হারে ১৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় পর্বে পা রাখে। সেখানে দক্ষিণ কোরিয়ার পেছনে থেকে গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। ওমানের বিপক্ষে ৩-০ গোলের জয়টি তাদের এক ম্যাচ হাতে রেখেই কোয়ালিফিকেশন এনে দেয়। বাছাইপর্বে দলের হয়ে সর্বোচ্চ ৯টি গোল করেন ফরোয়ার্ড আলি ওলওয়ান।

২০২৪ সালের আগস্টে মরক্কোর জামাল সেলামি জর্ডানের কোচের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই তিনি বাজিমাত করেন; ২০২৫ আরব কাপের ফাইনালে তোলেন দলকে (যেখানে মরক্কোর কাছে পেনাল্টিতে হারে জর্ডান) এবং এবার নিয়ে গেলেন বিশ্বকাপে।

সেলামি মূলত ৩-৪-৩ ফরমেশনে দল খেলান। পোস্টের নিচে বিশ্বস্ত হাত ইয়াজিদ আবুলাইলা। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন এফসি সিউলের ডিফেন্ডার ইয়াজান আল-আরব, আবদুল্লাহ নাসিব ও মোহাম্মদ আবুআলনাসি। মাঝমাঠে ভারসাম্য ধরে রাখেন নিজার আল-রাশদান ও নূর আল-রাওয়াবদেহ। দুই উইং-ব্যাক হিসেবে খেলবেন ডানে ইসাম আল-সামিরি এবং বামে মোহান্নাদ আবু তাহা।

তবে বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে জর্ডান। দলের প্রধান স্ট্রাইকার ইয়াজান আল-নাইমাত গত ডিসেম্বরে এসিএল ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন। ফলে জর্ডানের আক্রমণভাগের মূল ভরসা এখন ফরাসি ক্লাব রেনেতে খেলা তারকা উইঙ্গার মুসা আল-তামারি, আলি ওলওয়ান এবং অভিজ্ঞ মাহমুদ আল-মার্দি।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হওয়া নিয়ে কোচ জামাল সেলামি বলেছেন, ‘মেসির মুখোমুখি হওয়াটা একটা অনন্য অভিজ্ঞতা। আমাদের খেলোয়াড়দের জন্য এটি দারুণ এক চ্যালেঞ্জ। তবে আর্জেন্টিনার ম্যাচের আগে আমাদের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ (অস্ট্রিয়া ও আলজেরিয়া) আছে। প্রতিটি ম্যাচের জন্যই আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। অবশ্যই মেসির ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি লাগবে।’ এদিকে প্রথমবার বিশ্বকাপ খেলার স্নায়ুচাপ থাকলেও দলের সেরা তারকা আল-তামারি আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘জর্ডানের খেলোয়াড়রা তাদের দৃঢ়তা ও ঘুরে দাঁড়ানোর মানসিকতার জন্য পরিচিত। আমরা কাউকে সহজে ছেড়ে দেব না।’

ইনজুরি সংকটের কারণে এই ফরোয়ার্ডের সামনে সুযোগ আসতে পারে নিজেকে চেনানোর। ইয়াজান আল-নাইমাত এবং ইব্রাহিম সাবরার অনুপস্থিতিতে আল-তামারি ও ওলওয়ানের সঙ্গে আক্রমণভাগে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। সম্প্রতি সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারা ম্যাচে জর্ডানের একমাত্র গোলটি করেছিলেন ফাখুরি। এছাড়া পিরামিডসের হয়ে খেলা এই ফুটবলার প্রথম জর্ডানিয়ান হিসেবে ক্যাফ চ্যাম্পিয়নস লিগে গোল করার ইতিহাস গড়েছেন।

মাঝমাঠে রক্ষণ ও আক্রমণের সেতুবন্ধ তৈরিতে নিখুঁত নিজার আল-রাশদান। ২০২৩ এশিয়ান কাপের শেষ ষোলোতে ইরাকের বিপক্ষে এবং ২০২৫ আরব কাপের সেমিফাইনালে সৌদি আরবের বিপক্ষে তার জয়সূচক গোল জর্ডানকে ইতিহাস গড়তে সাহায্য করেছিল। বর্তমানে কাতার এসসিতে খেলা এই মিডফিল্ডার স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গেও একই ক্লাবে খেলার অভিজ্ঞতাসম্পন্ন।

কোচ সেলামির মতে, জর্ডানের সমর্থকরাই দলের ‘১২তম খেলোয়াড়’। ২০২৩ এশিয়ান কাপে রানার্সআপ হওয়ার পেছনে গ্যালারিতে তাদের লাল-সাদা কেফিয়াহ (ঐতিহ্যবাহী রুমাল) পরিহিত সমর্থকদের গর্জন বড় ভূমিকা রেখেছিল। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জর্ডানিয়ান প্রবাসীরা দল সামলাতে নানা ক্যাম্পেইন শুরু করেছেন। তবে কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের উচ্চমূল্য ও যাতায়াত খরচ নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে সমর্থকদের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত