ট্যানারির বিষাক্ত বর্জ্যে তৈরি পোলট্রি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যানসার, লিভার সিরোসিস, আলসার ও কিডনি রোগের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। গতকাল বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি ও ফিশ ফিড ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি না জানতে চান নিলোফার চৌধুরী মনি। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, বিষয়টি সম্পূর্ণ সত্য। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে এর প্রমাণ পাওয়া যায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। ২০১৭ সালে হাইকোর্টের নির্দেশের পর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে স্থানান্তর কার্যকর করা হয়।
সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সব নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সব মানুষের নিকটস্থ সেবা আরও সহজতর করার লক্ষ্যে সারা দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। শুধু হাসপাতাল না সঙ্গে জনবল অস্ত্র, মানে যন্ত্রপাতি আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার। স্যরি মানে মাননীয় স্পিকার স্যার সাহেব স্যরি। অস্ত্র না আমি বলেছি যন্ত্রপাতি। আর অস্ত্রোপচারের জন্য যন্ত্রপাতি এমনকি মাদার ব্রেস্টফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে।
দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের ভ্যাকসিনের কোনো অভাব হবে না।
সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে উপজেলা, ইউনিয়ন উপস্বাস্থ্য ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকদের শূন্য পদ ৮ হাজার ১৫৯টি। দ্রুত সময়ে এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
সিঙ্গাপুর-কলম্বোর দক্ষতায় পরিচালিত হবে চট্টগ্রাম বন্দর : সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ২০৩০ সালের মধ্যে সব কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন সম্ভব হবে। বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে এবং জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমাতে সরকারের বিভিন্নমুখী উদ্যোগ চলছে। একই সঙ্গে পতেঙ্গা, লালদিয়া ও বে টার্মিনাল-টু ও থার্ড কার্যক্রম শুরু হলে ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর ও কলম্বোর মতো দক্ষতার সঙ্গে পরিচালিত হতে পারবে।
গম্ভীরাকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য করার পরিকল্পনা : সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে এটিকে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে।
সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের জবাবে বলেন, শুধু কুষ্টিয়ার লালন শাহের স্মৃতিবিজড়িত এই এলাকায় নয়, সারা দেশকেই মাদকমুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সম্প্রসারণ এবং নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই করা হচ্ছে। জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১ ওপর আনীত নোটিসের জবাবে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর আরও জানান, দেশ-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে এক লাখ দক্ষ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ভাষা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং সাধারণ প্রবাসীদের জন্য ৮ শতাংশ সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থা রয়েছে।