নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং প্রতিবেশী শিশু হযরত আলী (৮)।
তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাড়িটিতে তিতাসের গ্যাস লাইনের পাশাপাশি এলপি গ্যাস সিলিন্ডারও ব্যবহার করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি উৎস থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। সকালে রান্নার জন্য আগুন জ্বালানোর পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, আব্দুল মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। হযরত আলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, দুই কক্ষের ওই বাড়িটিতে পরিবারটি ভাড়া থাকত। ঘটনাস্থলে তিতাসের গ্যাস লাইন ও এলপি গ্যাস সিলিন্ডার—দুই ধরনের গ্যাসের ব্যবহার পাওয়া গেছে। তবে গ্যাস লিকেজের উৎস মূল লাইন নাকি সিলিন্ডার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যাবে।