২০২৬-২৭ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯১ কোটি ৩৮ লাখ টাকা। ২০২৫- ২০২৬ অর্থ বছরের বাজেটের চাইতে এবার আইন ও বিচার বিভাগের জন্য প্রায় ২৮ কোটি এবং সুপ্রিম কোর্টের জন্য প্রায় ২২ কোটি টাকা বেড়েছে। আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী অর্থবছরের এই টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন।
পর্যালোচনায় দেখা যাচ্ছে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৫৯ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৮৯৩ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে ২৬৫ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ ২০২৬- ২০২৭ অর্থবছরে এই বিভাগে বরাদ্দ বেড়েছে প্রায় ২৮ কোটি টাকা। এবার আইন ও বিচার বিভাগের বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা ও উন্নয়ন খাতে ১৮৮ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এবার আইন ও বিচার বিভাগের উন্নয়ন খাতে বরাদ্দ কমেছে।
অন্যদিকে ২০২৫- ২০২৬ অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য সংশোধিত বাজেট ছিল ২৬৯ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ২৯১ কোটি ৩৮ লাখ টাকা। সুপ্রিম কোর্টের জন্য এবারের বাজেটে প্রায় ২২ কোটি টাকা বেড়েছে। আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের জন্য এবারের বাজেটে মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৭৯ কোটি টাকা।