ইরানে স্থল অভিযানের দ্বারপ্রান্তে ছিল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত জব্দ করতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত ১৯ মে ব্রাসেলসে ন্যাটো বৈঠক থেকে জরুরিভাবে ফিরে ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সদর দপ্তরে যান। সেখানে ইরানে স্থল সেনা পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সূত্রগুলো জানায়, বৈঠকের গুরুত্ব ও জরুরিতা থেকেই বোঝা যায় যে পরিকল্পনাটি বাস্তবায়নের বিষয়টি অনেক দূর এগিয়েছিল। পরে জেনারেল কেইন এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল যে এমন অভিযান ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়া ডেকে আনতে পারে, সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি সম্ভাব্য মার্কিন সেনা হতাহতের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। এরপরই তিনি অভিযানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

এদিকে সিএনএনের আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান ঠেকাতে ইরান তাদের ইউরেনিয়াম মজুতের গুদামগুলো সিলগালা করে এবং প্রবেশপথে মাইন পেতে রাখে।

এছাড়া কয়েকটি সূত্রের দাবি, ইউরেনিয়াম সংরক্ষণাগারে পৌঁছানোর কিছু সুড়ঙ্গপথও ইরানি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেয়, যাতে বাইরের কোনো বাহিনীর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত