পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পৌর এলাকায় চরম উদ্বেগ ও থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিঅ্যান্ডবি বাজার এলাকায় জনজীবন কিছুটা স্বাভাবিক হয়ে এলেও বৃশালিখা, পায়না, হাতিগাড়া, সওদাগর ও সান্যাল পাড়ায় এখনো আতঙ্ক কাটেনি। সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে সরেজমিন বৃশালিখা গ্রামে গিয়ে দেখা যায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাসভবন সংলগ্ন গ্রামের প্রধান প্রবেশপথে বাঁশের ব্যারিকেড দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সড়ক ও অলিগলিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে সংঘর্ষের সময় ছোড়া ইটপাটকেল। গ্রামগুলোর রাস্তাঘাট প্রায় জনশূন্য, বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাটও। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পৌর এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা আগামী দুদিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, গত কয়েক দিনের সহিংসতায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কখন আবার হামলা হয়, সেই ভয়ে তারা ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না। একই ধরনের আতঙ্কের কথা জানিয়েছে বেড়া হাই স্কুলের শিক্ষার্থীরাও। পরীক্ষা স্থগিতের খবর না জানায় সকালে স্কুলে এসেছিল তারা, এখন বাড়িতে থাকতেও ভয় পাচ্ছে বলে জানায় শিক্ষার্থীরা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে পুলিশ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। দু-এক দিনের মধ্যেই সবকিছু পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি বিদ্যালয়ের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বেড়ার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তবে বিএনপি ও সাধারণ মানুষ শান্ত রয়েছে।