নতুন ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রবিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, এই সম্মেলন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।
এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নশট্রি) প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। এগুলো হলো গবেষণা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শ্রমনীতি প্রণয়ন এবং পরিদর্শন কার্যক্রম জোরদার, ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা।