খুলনায় ৬০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৩:৩৪ এএম

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনা মহানগরীতে ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতেও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি জানান, জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পরপরই খুলনায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। কেসিসির উদ্যোগে আগামী ১৮০ দিনের মধ্যে মহানগরজুড়ে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রশাসক শহীদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুস সাদাত শুভ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত