মাথায় পিস্তল ঠেকিয়ে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৫২ এএম

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে মাকসুদুল চৌধুরী নামে উপজেলা যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে ছয়জন অংশ নেয়। এর মধ্যে দুজনের হাতে ছিল পিস্তল। তারা এসেছিল একটি সিএনজি অটোরিকশায়। অস্ত্রধারী দুজন মাথায় পিস্তল ঠেকিয়ে মাকসুদুলকে গুলি করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হতে পারে। এ ছাড়া তিনি আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।

পুলিশ জানায়, গতকাল দুপুরে চুয়েটসংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাকসুদুল চৌধুরী। এ সময় সিএনজি অটোরিকশা করে আসা ছয়জনের একটি দল তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং অস্ত্রধারী দুজন মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকা-ের প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা ইছাখালী এলাকায় কাপ্তাই সড়ক অবরোধ করেন। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েদ কাউছার বলেন, ‘সিসিটিভির ফুটেজে ছয়জনকে শনাক্ত করেছি। এর মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।’ রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, যুবদল নেতা মাকসুদুল চৌধুরী হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত