যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় একটি মেরিন কর্পসের এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ জুন) এ দুর্ঘটনা ঘটে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানটি ছিল মেরিন কর্পসের ১১তম মেরিন এয়ারক্রাফট গ্রুপের অধীন। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বনাঞ্চলঘেরা পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। পরে উদ্ধারকারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১১তম মেরিন স্কোয়াড্রনের এক বিবৃতিতে ঘটনাটিকে ‘প্রাণঘাতী নয়’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় কাউন্টি শেরিফ অফিসের উদ্ধারকারী দল সফলভাবে পাইলটকে উদ্ধার করেছে।
এদিকে নাটচেজ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ফলে সৃষ্ট ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস যৌথভাবে কাজ করে।
তারা আরও জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আহত পাইলটকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার কারণ ও দুর্ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে থার্ড মেরিন এয়ার উইং কর্তৃপক্ষ।