'রাজনীতি নয়, আমরা খেলতে এসেছি'—যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরানের অধিনায়ক

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:১৮ পিএম

বিশ্বকাপে নিজেদের ফুটবল যাত্রার চেয়ে মাঠের বাইরের রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশি আলোচনায় রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। কাল সকালে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ 'জি'-এর উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ইরানের কোচ আমির ঘালিনোই এবং তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি জানিয়েছেন—যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ নানা টানাপোড়েনের মাঝেও বিশ্বমঞ্চে তারা খেলবেন বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সমস্ত ইরানি মানুষের মুখে হাসি ফোটাতে।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই ইরানের তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি দোভাষীর মাধ্যমে এক আবেগঘন বার্তা দেন। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি সই হওয়ার আভাস পাওয়া গেলেও লস অ্যাঞ্জেলেসে অবস্থানরত প্রবাসী ইরানিদের একটি বড় অংশ তাদের সরকারের বিরুদ্ধে স্টেডিয়ামের বাইরে ও ভেতরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এই প্রসঙ্গে তারেমি বলেন:

"আমরা দেশের ভেতরের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমস্ত ইরানি নাগরিককে সম্মান করি। বহু বছর ধরে ইরান একটি সভ্য ও ঐক্যবদ্ধ জাতি। আমরা বিশ্বমঞ্চে সেই একতাই প্রদর্শন করতে চাই। আমরা এখানে এসেছি বিশ্বের যেখানেই ইরানিরা থাকুক না কেন, তাদের মুখে একটুখানি আনন্দ এনে দিতে।"

চলতি বছরের শুরুতে ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভের ওপর সরকারি দমনপীড়ন এবং ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সামরিক সংঘাতের কারণে এমনিতেই দলটির ওপর মানসিক চাপ রয়েছে। তার ওপর যোগ হয়েছে মার্কিন সরকারের কঠোর ভিসা নীতি। মার্কিন প্রশাসন ইরান দলের বেশ কিছু স্টাফকে দেশটিতে ভ্রমণের অনুমতি দেয়নি এবং ম্যাচের দিন ছাড়া বাকি সময় তাদের আমেরিকার মাটিতে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে ইরান দলকে ম্যাচ খেলার পর মেক্সিকোতে গিয়ে অবস্থান করতে হচ্ছে, যা তাদের যাতায়াতকে বেশ কঠিন করে তুলেছে।

এসব প্রতিবন্ধকতা নিয়ে কোচ আমির ঘালিনোই বলেন: "আমরা কঠিন পরিস্থিতি ও কষ্টকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত। আমাদের মাথায় এই মুহূর্তে আমাদের দেশের মানুষের মুখে আনন্দ ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।"

স্টেডিয়ামে ইরান সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান বা প্রাক-বিপ্লব আমলের পতাকা দেখা গেলে দল মাঠ ছাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে কোচ সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি জানান, তার খেলোয়াড়রা মাঠের বাইরের এসব বিষয় এড়িয়ে খেলায় মনোযোগ দিতে পুরোপুরি সক্ষম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত