কেপ ভার্দের বিপক্ষে সাইডবেঞ্চে ইয়ামাল

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের শুরুর একাদশে দেখা যাবে না তরুণ উইঙ্গার লামিন ইয়ামালকে। কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’-এর উদ্বোধনী ম্যাচে এই ১৮ বছর বয়সী তারকাকে সাইডবেঞ্চে রেখে দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে যেকোনো মুহূর্তে মাঠে নামতে প্রস্তুত এই বার্সেলোনা ফরোয়ার্ড।

পেশির টান ও হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গত এপ্রিল থেকে মাঠের বাইরে ছিলেন ইয়ামাল। স্পেনের সবশেষ প্রীতি ম্যাচগুলোতেও তিনি অংশ নিতে পারেননি। তবে ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালসহ দলের বাকি চোট আক্রান্ত খেলোয়াড়দের বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। ইয়ামাল ছাড়াও নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজের মতো তারকারাও শুরুর একাদশে থাকছেন না বলে নিশ্চিত করেছেন কোচ।

ইয়ামালের চোট কাটিয়ে ফেরা প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, “সবচেয়ে সুখবর হলো লামিন এখন পুরোপুরি ফিট। সে পুনর্বাসনের নির্ধারিত প্রক্রিয়া শেষ করেছে এবং খুব ভালো অবস্থায় আছে। ইনজুরি থেকে ফেরা বাকিদের মতোই সে অনুশীলনে দারুণ করছে।”

তবে ম্যাচের শুরু থেকেই তাদের মাঠে নামানোর ঝুঁকি নিতে চান না কোচ। ম্যাচের গতিপ্রকৃতি দেখে তাদের বদলি হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমাদের দেখতে হবে ম্যাচটি কোন দিকে মোড় নেয়। খেলার পরিস্থিতি ও যৌক্তিকতা বিবেচনা করে তারা দলের জয়ে কীভাবে অবদান রাখবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।” 

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো জয়ী স্পেন এবারও ট্রফি জয়ের অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করছে। তবে প্রতিপক্ষ কেপ ভার্দে নবাগত দল হলেও তাদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্প্যানিশ কোচ। ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে বিদায় করে বিশ্বকাপে আসা আফ্রিকান এই দলটিকে অন্যতম ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে দেখছেন তিনি। “কৌশলগতভাবে ওরা দারুণ গোছানো এক দল। শারীরিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী এবং গতিময়। ম্যাচটি জিততে হলে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে।”

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১০টায়। গ্রুপ পর্বে স্পেনের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২১ জুন সৌদি আরব ও ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত