দেশ রূপান্তর অনলাইনে সংবাদ প্রকাশ

চন্দনাইশে বিধ্বস্ত মাদরাসা, পুনর্নির্মাণ করে দিলেন এমপি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ড হাছনদন্ডী নূরানী বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত দারুল কুরআন ওয়াস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে গেছে। অজোপাড়া গাঁয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে মাদ্রাসাটি। ছুটি শেষে সে মাদরাসার ক্লাস শুরু হলেও তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

এ ঘটনায় দেশ রূপান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের। পরে তিনি নিজ অর্থায়নে মাদরাসাটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন এবং দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ দেন।

এমপির নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে মাদরাসাটির পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক জানান, মাদরাসা নির্মাণকালে একটি পক্ষ বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সংসদ সদস্যের নির্দেশনা, উপজেলা প্রশাসন, চন্দনাইশ থানা প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই বাধা দূর করা সম্ভব হয়। তিনি জানান, মাদরাসাটি বৈধ মালিকানাধীন জমির ওপর নির্মিত হয়েছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের আদেশ রয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পূর্ণোদ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। মাদরাসা পুনর্নির্মাণে সংসদ সদস্যের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা। তারা এমপি জসীম উদ্দীন আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত