ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিজেপির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোলাম পরওয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পার্থ সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত শনিবার (১৩ জুন) ভোলা সফরকালে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার মানুষের কাছে আসেন না, বরং সাধারণ মানুষকে তার সঙ্গে দেখা করতে ঢাকায় যেতে হয়। এছাড়া তিনি সংসদে ভোলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরেন না’ বলেও মন্তব্য করেন।
এমন মন্তব্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, গোলাম পরওয়ার দায়িত্বশীল অবস্থানে থেকেও ভোলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনদাবির বিষয় নিয়মিত তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যে সব উন্নয়ন দৃশ্যমান হয়ে যাবে-এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। উন্নয়ন বাস্তবায়নে সময় প্রয়োজন। ভোলার উন্নয়ন ও মানুষের স্বার্থ রক্ষায় পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আমিনুল ইসলাম রতন গোলাম পরওয়ারের বক্তব্যকে ‘অসত্য ও ভিত্তিহীন’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
সমাবেশে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক মো. বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এসময় বিজেপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।