মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক সেবনের অপরাধে সিয়াম হোসেন নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বড় পাউলদিয়া গ্রামে থেকে সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই যুবককে আটকের পর কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।
দণ্ডপ্রাপ্ত সিয়াম হোসেন (১৮) ওই গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, গোপন খবর পেয়ে সোমবার রাতে বড় পাউলদিয়া গ্রামে অভিযান চালান। এসময় মাদক সেবনরত অবস্থায় সিয়াম হোসেনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।