রামিসা হত্যা মামলা

দুই আসামির পক্ষে হাইকোর্টেও থাকবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০৪ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের পক্ষে শুনানি করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স ল’ইয়ার) গতকাল মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ১৫ দিনের মধ্যে দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন। এর আগে গত রবিবার সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। গত বৃহস্পতিবার সোহেল ও স্বপ্না কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন। 

হাইকোর্টের এই বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক দেশ রূপান্তরকে বলেন, গতকাল বেঞ্চের কার্যতালিকায় রামিসা হত্যা মামলাটি শীর্ষে ছিল। তবে, দুই আসামির পক্ষে এখন পর্যন্ত কোনো আইনজীবী নেই। তিনি বলেন, ‘আইনের বিধান রয়েছে যে, ডেথ রেফারেন্স শুনানির জন্য আসামিপক্ষে আইনজীবী থাকতে হবে। যে কারণে হাইকোর্ট ১৫ দিনের মধ্যে তাদের পক্ষে স্টেট ডিফেন্স ল’ইয়ার নিযুক্তের নির্দেশ দিয়েছে।’ প্রসঙ্গত, অধস্তন আদালতে এ মামলায় সোহেল ও স্বপ্নার পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রের খরচে আইনজীবী নিযুক্ত করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত