নেইমারকে নিয়ে দুঃসংবাদ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৫২ এএম

পরিবারে নতুন সদস্য আসছে। মানে আবার বাবা হচ্ছেন নেইমার। গতকাল ইনস্টাগ্রামে নেইমারের বান্ধবী একটি ভিডিওর মাধ্যমে আবারও মা হওয়ার খবর জানিয়েছেন। এ নিয়ে নেইমার বাবা হচ্ছেন পঞ্চমবার।

এমন আনন্দের দিন নেইমারের জন্য দুঃসংবাদও দিয়েছে। চোট কাটিয়ে গতকালই দলের সঙ্গে অনুশীলনে ফেরার কথা ছিল; কিন্তু পারেননি। সতীর্থরা যখন অনুশীলন করেছেন তখন তিনি গেছেন মেডিকেল চেকআপে। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে আছেন; কিন্তু কবে মাঠে নামতে পারবেন, সেটি নিশ্চিত নন। অনুশীলনটাও করতে পারছেন না।

নেইমার চোট পান গত মাসের ১৭ তারিখ। তখন তার ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। এই চোটে পড়ার পরও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়। এক সপ্তাহ পর নেইমার জাতীয় দলে যোগ দেন। তখন ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সেই সময়সীমা ১৭ জুন শেষ হচ্ছে। এর আগেই নেইমারের অনুশীলনে ফেরার কথা ছিল। তাহলে কেন ফেরেননি?

ইএসপিএন জানিয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। ব্রাজিলের পরের দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার আপাতত হাইতির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। তবে কবে তিনি অনুশীলনে ফিরতে পারেন, সেটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি স্পষ্ট হবে ব্রাজিল দল আনুষ্ঠানিকভাবে কিছু জানালে। সেটি এখনো জানায়নি তারা। তবে সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, এই মুহূর্তে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ব্রাজিল। তাকে নাকি শুধু নকআউটে খেলানোর জন্যই প্রস্তুত করা হচ্ছে। এমনকি প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জিততে না পারলেও সেই পরিকল্পনায় বদল আসেনি। গ্লোবো জানিয়েছে, নেইমারের চোট যেন আবার ফিরে না আসে, সেটিই নিশ্চিত করতে চায় ব্রাজিলের চিকিৎসক দল। তবে তা কতটা সম্ভব, সেটাই প্রশ্ন! কারণ, ৩৪ বছর বয়সী নেইমার চোটে পড়াটাকে অনেকটাই অভ্যাস বানিয়ে ফেলেছেন। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন সেই ২০২৩ সালের অক্টোবরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত