লুকাকু ভাগ্যে বাঁচল বেলজিয়াম

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

সিয়াটেলের তীব্র দাবদাহ আর দর্শকে ঠাসা গ্যালারির সামনে ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জি’-এর উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল এক রুদ্ধশ্বাস ফুটবল লড়াইয়ের। সোমবার (১৫ জুন) মিসরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহর ৩৪তম জন্মদিনে বেলজিয়ামকে প্রায় স্তব্ধই করে দিয়েছিল মিসর। তবে শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে বদলি নামা রোমেলু লুকাকুর অতিমানবীয় প্রভাব আর একটি আত্মঘাতী গোলের কল্যাণে ১-১ ব্যবধানের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিট বেলজিয়াম। উত্তর আমেরিকার গ্রীষ্মের তীব্র গরমের কারণে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬৬,৭৭৫ জন দর্শকের উপস্থিতিতে দুই দলের এই লড়াই রূপ নিয়েছিল কৌশল আর ধৈর্যের এক চরম পরীক্ষায়।

ম্যাচের শুরু থেকেই নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চনমনে ছিলেন মিসর অধিনায়ক মোহাম্মদ সালাহ। তার জাদুকরী অ্যাসিস্ট থেকেই ম্যাচের ২০ মিনিটে লিড নেয় মিসর। বেলজিয়াম রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে ডানপ্রান্ত থেকে সালাহ বল বাড়িয়ে দেন ইমাম আশুরের দিকে। দেশের হয়ে নিজের ৩০তম ম্যাচ খেলতে নামা এই মিডফিল্ডার বেলজিয়ামের বিশ্বসেরা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে মিসরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বেলজিয়াম। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার একটি চমৎকার ফ্রি-কিক সাইড পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় রেড ডেভিলসরা।

ম্যাচের ডেডলক ভাঙতে ৬৬ মিনিটে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া মাঠে নামান দলের প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। আর কোচের এই চাল টেক্কা দিয়ে যায় মুহূর্তের মধ্যেই। মাঠে নামার ঠিক ২০ সেকেন্ডের মাথায় থমাস মুনিয়রের একটি ক্রস লুফে নিতে মিসরের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে নিজের চেনা শক্তিতে সøাইড করেন লুকাকু। বল তার পায়ে না লাগলেও, তাকে বাধা দিতে গিয়ে মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানির বুটে লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায়।

ম্যাচ শেষে প্রতিপক্ষ শিবিরে লুকাকুর তৈরি করা এই মনস্তাত্ত্বিক চাপ ও দলের পরিকল্পনা নিয়ে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, “আমাদের ধীরস্থিরভাবে কিন্তু নিশ্চিতভাবেই এগিয়ে যেতে হবে। আমরা লুকাকুকে সঙ্গে নিয়েই এই বিশ্বকাপে যতদূর সম্ভব যেতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য। সে যদি ‘সুপার সাব’ হিসেবে মাঠে নেমে প্রতিবারই এভাবে গোল এনে দিতে পারে, তবে তা চমৎকার হবে।”

আসরে বাকি ম্যাচগুলোতেও গার্সিয়া প্রতিপক্ষের ওপর লুকাকুর প্রভাব নিয়ে আশাবাদী। ‘আমি তার জন্য আনন্দিত। আপনি যখন একজন প্রতিপক্ষ এবং মাঠে লুকাকুকে নামতে দেখবেন, তখন নিশ্চিতভাবেই আপনার হাঁটু কাঁপতে শুরু করবে এবং আপনার উদ্বেগের মাত্রা বেড়ে যাবে।’

এদিকে ফেভারিট বেলজিয়ামের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলেও জয় হাতছাড়া হওয়ায় কিছুটা আক্ষেপ ঝরেছে মিসর কোচ হোসাম হাসানের কণ্ঠে। তবে নিজেদের শক্তিমত্তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই সাবেক তারকা। ম্যাচ শেষে নিজের দলের অবস্থান পরিষ্কার করে মিসর কোচ হাসান বলেন, ‘মিসরের মর্যাদা বা অবস্থান নিয়ে কথা বলার মানুষ আমি নই। আমাদের খেলোয়াড়রা শীর্ষ মানের এবং আমাদের দলে বিশ্বের সেরা দুজন খেলোয়াড় (সালাহ ও মারমুশ) রয়েছে, যারা আমাদের অনুপ্রাণিত করে। আমরা নিশ্চিতভাবেই এখানে কেবল সংখ্যা বাড়াতে আসিনি। আজকের জয়টা আমাদের হাতেই ছিল।’

ম্যাচের শেষ ১৫ মিনিটে সালাহ ও ডি ব্রুইনাদের তুলে নেওয়া হলেও দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই ড্রয়ের ফলে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে গ্রুপ ‘জি’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে রইল দুই দলই। নকআউটের টিকিট পেতে হলে তাদের এখন গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ডের বাধা টপকাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত