বাবার স্বাস্থ্যের বিষয় নিয়ে নীরবতা ভাঙলেন মেসি

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:৪৩ এএম

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জার্সি দিয়ে চোখ মোছার সেই আবেগঘন মুহূর্তটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের বেশ নাড়া দিয়েছিল। ম্যাচ শেষে মেসি একে ‘ফুটবলের বাইরের ব্যক্তিগত কারণ’ এবং ‘কঠিন কিছু দিন পার করার’ কথা বললেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছিল না। অবশেষে রয়টার্সের এক প্রতিবেদনে এর পেছনের আসল কারণটি সামনে এসেছে।

মেসির কান্নার সেই মুহূর্তটির পর থেকেই তার বাবা ও এজেন্ট হোর্হে মেসির স্বাস্থ্য নিয়ে চারদিকে গুঞ্জন তীব্রতর হয়। পরিস্থিতি সামাল দিতেই মেসির পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হোর্হে মেসি বর্তমানে একটি শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার "ইতিবাচক উন্নতি" হচ্ছে।

মেসি পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসির অসুস্থতার ধরন বা সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবে পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, হোর্হে মেসি বর্তমানে আর্জেন্টিনার একটি হাসপাতালে কিছুটা সংবেদনশীল বা নাজুক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গুজব ও সংবাদমাধ্যমের অতি-উৎসাহী আচরণে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে মেসির পরিবার বলেছে, কোনো একজন ব্যক্তির স্বাস্থ্য এবং তার চারপাশের মানুষের মানসিক শান্তি কখনোই জল্পনা-কল্পনা কিংবা সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন আগ্রহের বিষয় হওয়া উচিত নয়।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত