৬ দিন ধরে শূন্যরেখায় পাঁচ যুবকের মানবেতর জীবন-যাপন 

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:০৬ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় টানা ছয় দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন বিএসএফের পুশইন চেষ্টার শিকার পাঁচ যুবক। ঝড়-বৃষ্টি, তীব্র রোদ আর অনিশ্চয়তার মধ্যে সামান্য প্লাস্টিকের ছাউনির নিচেই দিন-রাত পার করছেন তারা। নেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, নেই গোসল কিংবা ন্যূনতম স্যানিটেশন সুবিধাও।

বর্তমানে গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজন অবস্থান করছেন। তাদের ঘিরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কঠোর অবস্থানে রয়েছে।

জানা গেছে, গত রবিবার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ছয়জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের জায়গা হয় দুই দেশের মাঝামাঝি শূন্যরেখার ভারতীয় অংশে।

তবে গত বুধবার সকাল থেকে দুই শিশু ও তাদের বাবা-মায়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি বিজিবি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় থাকা এসব মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। মানবিক দিক বিবেচনায় দ্রুত দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে তাদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফ এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত