শিশুশিল্পী থেকে দর্শকপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী বনে যাওয়া রুমানা রশীদ ঈশিতা দীর্ঘদিন বিনোদন জগতে অনিয়মিত। এক সময় নাটক ও বিজ্ঞাপন করে ব্যাপক পরিচিত পাওয়া বহুমুখী এই প্রতিভা উপস্থাপনা ও গানের সঙ্গেও সম্পৃক্ত। তার কণ্ঠের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেলেও দীর্ঘদিন তার কণ্ঠে নতুন কোনো মৌলিক গান নেই। তবে এবারের বর্ষার সময়কে প্রাধান্য দিয়ে একটি নতুন গান করতে যাচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’। অভি মঈনুদ্দীনের লেখা ও সুরের এই গানটি ঈশিতা বলেন, ‘মন খারাপের এই দিনে গানটির কথা ও সুর যেদিন প্রথম শুনি আমার ভীষণ ভালো লেগে যায়। গানটি অনেক আগেই করার কথা ছিল। কিন্তু স্বামী-সংসার-সন্তান এমনকি আব্বুকেও সময় দিতে হয়। যে কারণে গানটি করতে করতে একটু বিলম্বই হয়ে গেল। তবে এবার সত্যিই ইচ্ছে আছে গানটি পুরো বর্ষায় প্রকাশ করার। কিছুদিনের মধ্যেই গানটিতে ভয়েজ দেব। ইচ্ছে আছে টাঙ্গুয়ার হাওরে ভিডিও করার যাতে গানটির কথা ও সুরের সঙ্গে ভিডিওর সমন্বয়টা সুন্দর হয়। এখন শুধু ভয়েজ দেওয়ার অপেক্ষা। আশা করছি ভয়েজ দেওয়ার পরপরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা শেষে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
বর্তমানে স্বামী-সংসার ও অন্যান্য ব্যস্ততার কারণে গান, অভিনয় এমনকি নাচেও সময় দিতে পারেন না বলে জানালেন ঈশিতা। ব্যক্তিজীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী। অথচ এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মধ্যে থেকেও অভিনেত্রী বরাবরই নিজেকে আড়াল করে রাখেন। যদিও ঈশিতার কথায়, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র ৮ বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।