স্কুল-কলেজের জন্য মাউশির পাঁচ দিনের সময়সীমা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

দেশের সব স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে এর দায় নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত যেসব অডিট আপত্তি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলোর অর্থবছরভিত্তিক ব্রডশিট জবাব তৈরি করতে হবে। জবাবের সঙ্গে সংশ্লিষ্ট আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতও যুক্ত করতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত করা নথিপত্রের তিন সেট মুদ্রিত কপি (হার্ডকপি) জমা দিতে হবে। পাশাপাশি সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইল হিসেবে তৈরি করে পেনড্রাইভে সরবরাহ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একজন বাহকের মাধ্যমে মাউশির দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে এসব নথি পৌঁছে দিতে হবে। সময়সীমার মধ্যে জবাব জমা না পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিটি দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত