সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা অভিযান চালিয়ে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরের উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বাঘবেড় গ্রামে মো. সুলাইমান (৪০), চালবন্দ গ্রামের সাদ্দাম হোসেন (৩২), লক্ষ্মীরপাড় গ্রামের মইনুদ্দিন (২৭) ও একই গ্রামের মো. আব্দুল্লাহ (৩০)।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুপুর আড়াইটার দিকে বিশ্বম্ভরপুর থানা বাঘবেড় বাজারের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মার্সেল শো-রুমের সামনের মাদক কারবারি মো. সুলাইমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক অভিযানে আদালতের ১ বছরের কারাদন্ড ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মইনুদ্দিন ও মো.আব্দুল্লাহ নামে আরও দুইজনকে আটক করে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া জানান, গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।