শিল্পকলায় সুরের মেলা, টিভি পর্দায় মরমি গান

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৫৯ এএম

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে দুদিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একই সঙ্গে মাছরাঙা টেলিভিশনে হাছন রাজার গান ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে থাকছে বিশেষ আয়োজন। গান, গল্প আর সুরে সুরে সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষা করছে সুন্দর সন্ধ্যা।

শিল্পকলায় দুদিনের সুরের উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় আজ ২১ জুন থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হচ্ছে দুদিনব্যাপী বর্ণিল সংগীত উৎসব। আজ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি গীতিকার মনিরুজ্জামান মনির। উৎসবের দ্বিতীয় দিন ২২ জুনের সমাপনী সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুদিনের এই জমকালো আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক পর্ব শেষে ঠিক ৭টা থেকে শুরু হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের সংগীত জগতের বিভিন্ন প্রজন্মের প্রথিতযশা ও উদীয়মান কণ্ঠশিল্পীদের মেলবন্ধনে মুখরিত হবে নাট্যশালার মঞ্চ। বিভিন্ন ধারা, সুর ও লোকজ ঐতিহ্যের নান্দনিক এই উপস্থাপন শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

মাছরাঙায় ফিরছেন হাছন রাজা

বিশ্বসংগীত দিবসের বিশেষ রাতে টেলিভিশনের পর্দায় থাকছে এক ভিন্নমাত্রার মরমি সুরের আবহ। আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সংস অব বেঙ্গল : প্রাণ বন্ধের সনে’। মরমি কবি ও কালজয়ী গীতিকার হাছন রাজার গান ও গভীর জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে এক নতুন রূপে তুলে ধরতেই এই আয়োজন।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রাকৃতিক স্বাস্থ্যবিষয়ক ব্র্যান্ড ‘মায়া’ এবং এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত এই অনুষ্ঠানের সংগীত পরিচালনা ও কিউরেটর হিসেবে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তার নিজস্ব শিল্পভাবনা ও আধুনিক সংগীত বিন্যাসে হাছন রাজার গানগুলো পেয়েছে এক অনন্য আবহ। সংগীত, গল্পকথন এবং সৃজনশীল ভিজ্যুয়ালের মধ্য দিয়ে মরমি কবির দর্শন ও জীবনবোধের চিরন্তন প্রাসঙ্গিকতাই ফুটে উঠবে এই বিশেষ পরিবেশনায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত